নিজস্ব প্রতিবেদক : সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেসটি ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল না করলে সিলেট বিভাগজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
রবিবার (২৪ আগস্ট/৯ ভাদ্র) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে ভূমি মালিকদের উদ্যোগে আহুত সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে কর্নেল (অব) আতাউর রহমান পীর বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে সিলেটকে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত করছে।
এরই ধারাবাহিকতায় নতুন ষড়যন্ত্র হিসেবে জোনাল সেটেলমেন্ট অফিসের ‘মিনি প্রেস’ ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আতাউর রহমান পীর বলেন, ২০১২ সালে প্রবাসীবহুল সিলেট অঞ্চলের ভূমি মালিকদের সেবা সহজতর করতে তৎকালীন জোনাল সেটেলমেন্ট অফিসার ইউসুফ আলীর ঐকান্তিক প্রচেষ্টায় সিলেটে প্রেস স্থাপন করা হয়। এর ফলে দীর্ঘসূত্রিতা কমে আসে, দ্রুত সময়ে খতিয়ান ও পরচা সরবরাহ সম্ভব হয় এবং সেবাগ্রহীতারা উপকৃত হন।
তিনি জানান, সিলেট বিভাগে ১৯৮৭-৮৮ সালে জরিপ কার্যক্রম হলেও এখন পর্যন্ত ৩৮টি মৌজার জরিপ অসম্পূর্ণ। এমনকি হযরত শাহজালাল (র) মাজার এলাকার খতিয়ান ছাপার কাজ এখনো শেষ হয়নি। এমন পরিস্থিতিতে ‘মিনি প্রেস’ সরানো হলে জরিপ কার্যক্রমে অনেক বেশি বিলম্ব ঘটবে, যা নতুন জটিলতা সৃষ্টি করবে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, সিলেট বিভাগের একাধিক উন্নয়ন প্রকল্প ইতোমধ্যেই বাতিল করা হয়েছে। এখন প্রেস সরানো হলে মৌজা জরিপ ও খতিয়ান ছাপায় বছরের পর বছর লেগে যাবে এবং সাধারণ ভূমি মালিকদের হয়রানি ও দুর্ভোগ বহুগুণ বেড়ে যাবে।
যদি কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে ‘মিনি প্রেস’ স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল না করে, তাহলে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে বলে সংবাদ সম্মেলনে হুশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম, সমাজসেবী জাহেদ আহমদ, কামাল উদ্দিন ভূঁইয়া, মুফতি রায়হান উদ্দিন মুন্না, প্রবাসী আব্দুল গফ্ফার, নাছির উদ্দিন, নূরুল ইসলাম লিমন প্রমুখ।