সিলেট থেকেই আজ শুরু হচ্ছে বিএনপির নির্বাচনী প্রচার অভিযান

প্রকাশিত January 22, 2026
সিলেট থেকেই আজ শুরু হচ্ছে বিএনপির নির্বাচনী প্রচার অভিযান

নিজস্ব প্রতিবেদক : প্রতিবারের মতোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাচনের প্রচার অভিযান সিলেট থেকে শুরু হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি/৮ মাঘ) সকাল ১০টায় সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকায় ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা ময়দানের জনসমুদ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচার অভিযানের সূচনা করবেন। ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে। পরিচয় করিয়ে দিবেন সিলেটের ৬টি ও সুনামগঞ্জের ৫টি আসনের দলীয় প্রার্থীদের। সমর্থন ও ভোট চাইবেন দুই জেলার মানুষের কাছে। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় সবাই। ইতোমধ্যে জনসভাস্থলে লোক সমাগম শুরু হয়ে গেছে। অনেকে ভোরবেলায়ই অবস্থান গ্রহণ করেছেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
তারেক রহমান বুধবার (২১ জানুয়ারি) রাতে সিলেট পৌঁছেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান, বিএনপির বিভাগীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ। পরে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। যান শ্বশুরবাড়ি বিরাহিমপুরে। এ সময় স্ত্রী ডা জুবাইদা রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।