এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ‘ফ্যাশন ডিজাইনিং’বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি/১৯ পৌষ) সকালে চেম্বার মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়। এতে স্বাগত বক্তব্যে সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো গোলাম আক্তার ফারুক বলেন, এসএমই খাতগুলোর মধ্যে ফ্যাশন ডিজাইনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাহিদাসম্পন্ন খাত। এ খাতে প্রশিক্ষণ গ্রহণ করে অনেক উদ্যোক্তা প্রতিষ্ঠিত হয়েছেন। এ খাতে কম পুঁজি বিনিয়োগের মাধ্যমে অধিক লাভবান হওয়া যায়। বিশেষ করে পর্যটন নগরী ও প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে সিলেটের প্রেক্ষাপটে এ খাতটি অত্যন্ত সম্ভাবনাময়। নিত্যনতুন ডিজাইনের কাপড় উৎপাদন করে এখান থেকে উদ্যোক্তারা তা সরাসরি যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করতে পারেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের উপনির্বাহী সচিব সানু উদ্দিন রুবেল ও মো আজিজুর রহিম খান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী, এক্সিকিউটিভ অফিসার সাঈদ খান আকাশ ও মো ইমরান হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি