সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশিত March 18, 2023
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার, ১৭ মার্চ আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই আলোচনা সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্যের উপর আলোচনার আয়োজন করা হয়। প্রচার করা হয় জাতির পিতার সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ। এছাড়া শিক্ষার্থীদের পরিবেশনায় আবৃত্তি, গান ও নৃত্যের সমাহারে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপস্থাপন করা হয়।
এরপর জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের এবং এইচএসসি-২০২২ বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও মেডেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ লে কর্নেল মো রোকনুজ্জামান খান, এইসি বঙ্গবন্ধুর আত্মার প্রতি সম্মান প্রদর্শন ও মাগফিরাত কামনা করে মার্চ মাসের তাৎপর্য তুলে ধরেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর হৃদয় ছিলো নিষ্পাপ শিশুর মতো পবিত্র। তিনি শিশুদের অত্যন্ত ভালবাসতেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মানবদরদী; কিন্তু অধিকার আদায়ে আপসহীন। কৈশোর থেকেই তার মধ্যে নেতৃত্বের গুণাবলী পরিলক্ষিত হয়। বঙ্গবন্ধু বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা ও বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা। এমন একজন মহান নেতার জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হওয়ায় বঙ্গবন্ধুর সঙ্গে ভবিষ্যত প্রজন্মের এক নিবিড় সংযোগ স্থাপিত হয়েছে। বঙ্গবন্ধু বিশ্বনেতা হিসেবেও সর্বজন স্বীকৃত।
তিনি সকলকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ ও অনুকরণ করে এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সুনাগরিক হওয়ার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি