‘নতুন বছর নতুন দিন-নতুন বইয়ে হোক রঙিন’ এ স্লোগানে সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপিত হয়েছে।
রবিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে কর্নেল মো রোকনুজ্জামান খান, এইসি এবং উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করে অধ্যক্ষ বলেন, বাঙালির মহাজাগরণের পথিকৃৎ, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরেই গুণগত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার উদ্দেশ্য যেন শুধু সার্টিফিকেট সর্বস্ব না হয়। শিক্ষা যেন হয় সকলের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, মানবতার জন্য ও সামগ্রিক উন্নয়নের জন্য। বই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সহায়ক। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। তাই আনন্দের সঙ্গে বই পড়তে হবে।
পড়াশোনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে লালন করে ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নৈতিকতা সম্পন্ন, মানবিকগুণে সৃষ্টিশীল, আত্মপ্রত্যয়ী এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি