সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির কৃষি অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘এগ্রিফেস্টিভ্যাল ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার (২৫ জুন/১১ আষাঢ়) দুপুর ১২টায় সিকৃবি উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এগ্রিফেস্টিভ্যাল উদ্বোধন করেন। এরপর কৃষি অনুষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় কৃষি অনুষদে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন বার্তা সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
দুপুর সাড়ে ১২টায় কৃষি অনুষদের ব্যবহারিক মাঠ সংলগ্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গঠনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
দুপুর ১২টা ৪৫ মিনিটে সিকৃবির কেন্দ্রীয় অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমঞ্চ এলাকায় কৃষি অনুষদীয় ডিন ও এগ্রিফেস্টিভ্যাল ২০২৬ বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড মো শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং এগ্রিফেস্টিভ্যাল ২০২৬ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিতত্ত্ব ও হাওর বিভাগের প্রফেসর ড মো সাজ্জাদ হোসাইনের পরিচালনায় ফেস্টিভ্যাল উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টলের কার্যক্রম উদ্বোধন করা হয়।
স্টলগুলোতে শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবনী প্রকল্প, কৃষি প্রযুক্তি, কৃষিপণ্য ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ক নানা তথ্য ও প্রদর্শনী উপস্থাপন করা হয়। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড মো আলিমুল ইসলাম বলেন, কৃষি কেবল একটি পেশা নয়, এটি আমাদের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। এগ্রিফেস্টিভ্যালের মতো আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি শিক্ষাকে বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ কৃষিবিদদের দক্ষ, মানবিক ও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর।
পরে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এগ্রিফেস্টিভ্যাল ২০২৬ উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য। অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। সংবাদ বিজ্ঞপ্তি