নিজস্ব প্রতিবেদক : সিলেটে মার্কিন বহুজাতিক তেল ও গ্যাস উত্তোলনকারী কোম্পানি শেভরন বাংলাদেশে নানা অনিয়ম ও দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শনিবার, ২৪ আগস্ট (৯ ভাদ্র) সকালে শেভরন বাংলাদেশ ব্লক ১৩/১৪ লিমিটেডের সর্বস্তরের শ্রমিক-কর্মচারী লাক্কাতুরা এলাকায় প্রথমে বিক্ষোভ মিছিল এবং পরে শেভরন বাংলাদেশ জালালাবাদ গ্যাস প্ল্যান্টের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচি পালনকালে বিভিন্ন বক্তা শেভরন বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তাদের সিন্ডিকেট, সীমাহীন দুর্নীতি, আত্মীয়করণ ও আউটসোর্সিংয়ের মাধ্যমে কমিশন বাণিজ্য বন্ধ এবং ছাঁটাইকৃত মেকানিক, গাড়িচালক, ক্যাটারিং, ইকুইপমেন্ট অপারেটরসহ সিভিল ও অন্যান্য শ্রমিককে পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবি জানান।