সিলেটে শুরু হলো নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত August 31, 2026
সিলেটে শুরু হলো নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সারাদেশের ন্যায় সিলেটেও ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুরু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট/১৬ শ্রাবণ) জেলা শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো মশিউর রহমান। জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপঙ্কর বিশ্বাস, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারূল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, কাজী নজরুল ইসলাম সবসময়ই প্রাসঙ্গিক। তিনি ছিলেন অসাম্প্রদায়িক, মানবতাবাদী ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার পাশাপাশি তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির চেতনাকে তার সাহিত্য ও সংগীতে তুলে ধরেছেন। পূজার গান থেকে শুরু করে গজল-বিভিন্ন ধারায় তার সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। এ কারণেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সর্বকাল ও সর্বস্থানে প্রাসঙ্গিক।
তিনি বলেন, জাতীয় কবিকে জাতীয়ভাবে যথাযথভাবে তুলে ধরতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নজরুলের সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় কিন্ডারগার্টেনের শিশু থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদেরও এ প্রতিযোগিতায় সম্পৃক্ত করা হচ্ছে।
বিভাগীয় কমিশনার বলেন, সিলেটে নজরুল বিষয়ক এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে।
এসময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠক ও কর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পিআইডি