সিলেটে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত September 11, 2025
সিলেটে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেট জেলায় এবারের শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর/২৭ ভাদ্র) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো সারওয়ার আলমের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা দপ্তরের প্রতিনিধি, সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং জেলা ও উপজেলা পর্যায়ের হিন্দু ধর্মীয় সংগঠন ও পূজা উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের গৃহীত সিদ্ধান্ত ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এর আলোকে তারা বিভিন্ন প্রস্তাবও দেন। এই সঙ্গে নিশ্চিন্তে ও নিরাপদে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক দলসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় জেলা প্রশাসক নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, চেকপোস্টের মাধ্যমে সার্বক্ষণিক তল্লাশি কার্যক্রম বজায় রাখা ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবী নিয়োগের বিষয়ে গুরুত্ব দেন।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতির দিক থেকে সিলেট অনন্য। এর ধারাবাহিকতা বজায় রেখে সকলের সহযোগিতায় সিলেটে উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা উদযাপিত হবে।
যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার পাশাপাশি তিনি সব ধরনের গুজব প্রতিহত করার পরামর্শ দেন।
কোনো বিষয় সম্পর্কে নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোন মাধ্যমে তা প্রচার করা থেকে বিরত থাকতেও জেলা প্রশাসক অনুরোধ জানান।
তিনি প্রশাসন, পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং সেল গঠনের মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।–পিআইডি সিলেট