শহীদ রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানির ত্রয়োদশ মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ছাত্র মৈত্রী জেলা কমিটির উদ্যোগে শনিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি মাসুদ রানা চৌধুরী, সিলেট জেলা সভাপতি সালেহ আহমদ, সহসভাপতি শিপা উরাং, সহসাধারণ সম্পাদক রোহেনা আক্তার, জেলা সদস্য বিকাশ উরাং ও হালিমা আক্তার।
মোমবাতি প্রজ্জ্বলন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদ রানা চৌধুরী বলেন, বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সহসভাপতি রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানিকে ২০১০ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের নামধারী একদল সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করে। এ দিন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল ও শেরাফত আলী খান বুলবুল মারাত্মক আহত হন; কিন্তু অরপরাধীদের বিরুদ্ধে হাইকোর্টের রায় কার্যকর করার কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়।
অবিলম্বে রায় কার্যকর না করলে প্রয়োজনে বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করেন। সংবাদ বিজ্ঞপ্তি