সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্ব একটি ‘গ্লোবাল ভিলেজ’। মানুষ শিক্ষা, চাকরি, ব্যবসা কিংবা পেশাগত কারণে এক জেলা থেকে অন্য জেলায় বসবাস করবে-এটাই স্বাভাবিক বাস্তবতা। সিলেটে যারা স্থায়ীভাবে বসবাস করছেন তারা এই নগরেরই মানুষ। তারা সিলেটের সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার। নাগরিক সেবা ও সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই। সকলের সমস্যা, সম্ভাবনা ও নাগরিক চাহিদাকে গুরুত্ব দিয়েই সিটি কর্পোরেশন কাজ করবে।
বুধবার (১ জুলাই/১৭ আষাঢ়) বিকাল ৫টায় নগর ভবনের সভাকক্ষে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, সিলেটের কার্যনির্বাহী পরিষদ ও ময়মনসিংহ অঞ্চলের উপজেলা সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, সিলেট মহানগরীতে বসবাসরত প্রান্তিক মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের সমস্যা জানার উদ্যোগ নেওয়া হবে। সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা নাগরিক সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হন, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে। সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ হয়ে নেত্রকোনা পর্যন্ত চলমান সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দুই অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে আখাউড়া-সিলেট রেলপথকে ব্রডগেজে রূপান্তরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই কাজ শেষ হলে দ্রুতগতির ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতে সিলেট-ময়মনসিংহ রুটে ট্রেন চালুর দাবিও বাস্তবসম্মত হবে।
সংগঠনের নেতারা সিলেটে বসবাসরত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যার সমাধান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয় সংস্কার ও নাগরিক সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
এর পরিপ্রেক্ষিতে সিসিক প্রশাসক বলেন, সিলেটের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। বৃহত্তর ময়মনসিংহ সমিতির যেকোনো যৌক্তিক সমস্যা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতাও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি প্রফেসর ড মো মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা মো শরীফুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ব্রজেন চন্দ্র দাশ, কৃষিবিদ মাহমুদুল ইসলাম নজরুল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আলমগীর কবির, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে নাসরিন খানম, সদস্য ইঞ্জিনিয়ার মো সিরাজুল ইসলাম, মো আয়াজ আলম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি