সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

প্রকাশিত September 25, 2025
সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য `টেকসই উন্নয়নে পর্যটন’। সিলেটে দিনটি উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো সারওয়ার আলম।
প্রস্তুতি সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, এনজিও, পর্যটনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও বর্ণিল আয়োজনের মাধ্যমে সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় দিবসটি উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে মহানগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সুরমা নদীর তীরে ঐতিহাসিক ক্বিনব্রিজের নিকট অবস্থিত সারদা স্মৃতি ভবনে গিয়ে শেষ হবে। পর সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী অন্যায় কর্মসূচির মধ্যে থাকবে মহানগরীর বিভিন্ন জায়গায় ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ অপসারণ কার্যক্রম, সচেতনামূলক সাইকেল র‍্যালি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংস্কৃতি তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সিলেটের বিভিন্ন পর্যটন স্পট ও ব্র্যান্ডিং পণ্যগুলো নিয়ে প্রদর্শনী।
প্রস্তুতি সভায় দিবসটি উদযাপনের মাধ্যমে পর্যটনের প্রয়োজনীয়তা এবং ইকো টুরিজম অর্থাৎ পরিবেশ বিপন্ন না করে পর্যটনের প্রসার বিষয়ে জনগণকে অবহিত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়।–পিআইডি সিলেট