নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেট মহানগরীর ছড়ারপার এলাকায় মোহাম্মদ ফাহিম হত্যা মামলার প্রধান আসামি আলম খানকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, সিলেট মহানগর পুলিশ-এসএমপির শাহপরাণ (র) থানার ছড়ারপাড় এলাকার মো হারুন রশিদের ছেলে মোহাম্মদ ফাহিম পূর্ব শত্রুতার জেরে গত ১০ নভেম্বর বিকেল ৫টার দিকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন।
তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন; কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথে রাত ৩টা দিকে তিনি মারা যান।
এ ঘটনায় তার পিতা বাদি হয়ে শাহপরাণ (র) থানায় হত্যা মামলা দায়ের করলে এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর/২৬ অগ্রহায়ণ) আনুমানিক রাত ২টায় হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি আলম খানকে (৩২, পিতা মৃত জাফর আলী খান, শান্তিবাগ, উত্তর বালুরচর, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে শাহপরাণ (র) থানায় হস্তান্তর করা হয়েছে।