সিলেটে নাগরী নিউজের সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

প্রকাশিত June 5, 2026
সিলেটে নাগরী নিউজের সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও পিআইবির প্রাক্তন জ্যেষ্ঠ প্রশিক্ষক অলিউর রহমান বলেছেন, সিলেটের সাংবাদিকতার সুনাম দেশ জুড়ে। সত্যনিষ্ঠ পথে এখানকার সাংবাদিকদের পথচলা দেশজুড়েই প্রশংসিত। সেই ধারা অব্যাহত রাখতে এখনো ঐতিহ্য বজায় রেখে সত্যনিষ্ঠ পথেই এগুচ্ছে এখানকার সংবাদপত্র ও সাংবাদিকতা। সেই ধারাকে এগিয়ে নিচ্ছেন সিলেটের কিছু পেশাদার সাংবাদিক, যা দেশের সকল অঞ্চলের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত।
তিনি আশা প্রকাশ করেছেন, সিলেটে নাগরী নিউজ নামে নতুন একটি অনলাইন সংবাদপত্র সিলেটের সাংবাদিকতার ঐতিহ্য ধারণ করেই পথচলা অব্যাহত রাখবে।
বৃহস্পতিবার (৪ জুন) সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে নাগরী নিউজ আয়োজিত দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
নাগরী নিউজের ব্যবস্থাপনা সম্পাদক তারেক আহমদের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, এনটিভির বার্তাকক্ষ সম্পাদক তরিকুল ইসলাম ও সিলেট প্রেসক্লাবের সহসভাপতি মো ফয়ছল আলম। অনুষ্ঠান শেষে নাগরী নিউজের সাংবাদিক-কলাকুশলীদের মধ্যে সনদপত্র তুলে দেওয়া হয়।
এর আগে, সকালে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, দৈনিক কালের কন্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথী দাস, এনটিভির বার্তাকক্ষ সম্পাদক তরিকুল ইসলাম ও সিলেট প্রেসক্লাবের সহসভাপতি মো ফয়ছল আলম। সংবাদ বিজ্ঞপ্তি