সিলেটে ‘জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়নের উদ্দেশ্যে আর্থিক প্রাক্কলনসহ কর্মপরিকল্পনা-২০২৫’বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ/১৮ ফাল্গুন) সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কৌশলপত্র বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার বলেন, মেয়েরা অনেক সময় নিজেদের সমস্যার কথা পরিবারের সদস্যদের কাছেও খুলে বলতে পারে না। ফলে তারা শারীরিক সমস্যার পাশাপাশি বিভিন্ন মানসিক সমস্যায়ও ভোগে। তাই মেয়েদের জন্য মনের কথা প্রকাশের নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব। সমাজে অন্যান্য মৌলিক অধিকারের পাশাপাশি মেয়েদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সমতা ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে নারী-পুরুষের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম মজুমদার বলেন, জাতীয় পর্যায়ে গৃহীত এই কর্মপরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন ও বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আর্থিক প্রাক্কলনসহ পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়িত হলে মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনায় টেকসই অগ্রগতি অর্জন সম্ভব হবে।
তিনি আরও বলেন, বিষয়টি শুধু একটি কৌশলগত দলিলের মধ্যে সীমাবদ্ধ নয়-এটি কিশোরী ও নারীর স্বাস্থ্য, মর্যাদা এবং মানবাধিকারের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। স্থানীয় সরকার বিভাগের অনুমোদনক্রমে ‘জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র নীতি ২০২১’ মুদ্রণ ও প্রকাশ করে অংশীজনদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং জাতীয় পর্যায়েও তা আয়োজন করা হয়েছে।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্বাস্থ্যকর্মী, সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। পিআইডি সিলেট