সিলেটে চিকিৎসাসেবা সম্প্রসারণ করছে ভারতের মনিপাল হাসপাতাল

প্রকাশিত April 12, 2026
সিলেটে চিকিৎসাসেবা সম্প্রসারণ করছে ভারতের মনিপাল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক : ভারতের মনিপাল হাসপাতাল সিলেট অঞ্চলসহ ও বাংলাদেশের রোগীদের জন্য চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে।
শনিবার (১১ এপ্রিল) বিকালে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের কনসালট্যান্ট ও বাংলাদেশ হেড খালিদ হাসান এ তথ্য জানান।
তিনি জানান, সিলেটে তাদের সহযোগী প্রতিষ্ঠান বন্দরবাজারে রঙমহল টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত সিলেট মেডিকেয়ার। এখান থেকে মনিপাল হাসপাতালের যেসব তথ্য ও সেবা পাওয়া যাবে সেগুলো হচ্ছে, রোগের ধরন অনুযায়ী সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের জন্য সঠিক ডাক্তার নির্বাচন, কোনো প্রকার ভোগান্তি ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে সিরিয়াল নিশ্চিতকরণ, মেডিক্যাল ভিসা প্রসেসিং ও আবাসন সংক্রান্ত সঠিক তথ্য প্রদান, প্রয়োজনে এখান থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের প্রাথমিক পরামর্শ ও দুষ্প্রাপ্য ওষুধ ভারত থেকে সংগ্রহ ইত্যাদি।
বিদেশে সাশ্রয়ী মূল্যে সঠিক এবং সেরা চিকিৎসা ও সেবা নিশ্চিত করাই তাদের মূল্য লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ১৯৯১ সালে ভারতের ব্যাঙ্গালোরে প্রতিষ্ঠিত মনিপাল হাসপাতাল বর্তমানে সে দেশের ২৪টি শহরে ৪৯টি চেইন হাসপাতাল নেটওয়ার্ক এবং ১২ হাজার ৬ শর বেশি অপারেশনাল শয্যা নিয়ে মোট ১৬০টি দেশের রোগীদের সেবা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতে যাওয়ার আগে অনেক সময় রোগী ও তাদের স্বজনরা সঠিক হাসপাতাল নির্বাচন, বিশেষজ্ঞ চিকিৎসক খুঁজে পাওয়া, ভিসাপ্রাপ্তি, যাতায়াত সংক্রান্ত তথ্য, ভারতে অবস্থানকালে দালালের খপ্পরে পড়াসহ নানান ভোগান্তির শিকার হন। এসব ভোগান্তি হ্রাসে সিলেট মেডিকেয়ারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ নিতে সিলেট অঞ্চলসহ বাংলাদেশের রোগীদের পরামর্শ পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে মনিপাল হাসপাতালের চিকিৎসা সেবার বিভিন্ন দিকে তুলে ধরে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল হেলথ সার্ভিসের গ্রুপ অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট বিকাশ তায়ের, ইন্টারন্যাশনাল হেলথ সার্ভিসের চিফ ম্যানেজার, সার্ক দেশসমূহের রিজিওনাল হেড রাম গোপাল বর্ধন এবং শিলিগুড়ি ও রাঙ্গাপানি ইউনিটের ডিরেক্টর সঞ্জয় সিংহ মহাপাত্র।