নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের জালালাবাদ থানা এলাকায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, সিলেট মহানগর পুলিশ-এসএমপির জালালাবাদ থানার নোয়াগাঁও এলাকার এক ওমান প্রবাসীর স্ত্রী হালিমা বেগমের মরদেহ ৫ নভেম্বর তাদের বাড়ির উত্তর-পশ্চিম কোণে ফাঁকা জায়গায় পাওয়া যায়। মরদেহের গলায় ওড়না দিয়ে সামনে ও পিছনে শক্ত করে দু’টি গিট দেওয়া ছিল।
এ ঘটনায় হালিমা বেগমের মেয়ে বাদি হয়ে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসপি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (৮ নভেম্বর) আনুমানিক রাত ১০টায় এসএমপির দক্ষিণ সুরমায় সিলেট রেল স্টেশনে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলায় তদন্তে অভিযুক্ত জুনেদ আহমদকে (২৮, পিতা মৃত হারিছ আলী, নোয়াগাঁও, জালালাবাদ, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।