সিলেটে গ্রাম আদালত কার্যক্রমের প্রচারণা বৃদ্ধিতে অংশীজনদের সমন্বয় সভা

প্রকাশিত May 13, 2026
সিলেটে গ্রাম আদালত কার্যক্রমের প্রচারণা বৃদ্ধিতে অংশীজনদের সমন্বয় সভা

সিলেটে ‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে/৩০ বৈশাখ) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো সারওয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রাম আদালত সরকারের একটি ফলপ্রসূ উদ্যোগ। পারিবারিক ও স্থানীয় পর্যায়ের ছোটখাটো বিরোধগুলো গ্রাম আদালতের মাধ্যমে সহজে সমাধান করা সম্ভব। যেকোনো বিরোধ বা মামলা উচ্চতর আদালতে না পাঠিয়ে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করলে বিচারালয়গুলোতে মামলাজট অনেকাংশে কমে যাবে।
তিনি আরো বলেন, গ্রাম আদালতকে স্থানীয় পর্যায়ে জনপ্রিয় করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।
সাধারণ মানুষের মাঝে গ্রাম আদালতের আইনি সুবিধা ও উপকারিতার বিষয়গুলো ব্যাপকভাবে তুলে ধরার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন। আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক তামান্না নাহার, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতার, যুব উন্নয়ন কর্মকর্তা মো আমিনুজ্জামান ও বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী। সঞ্চালনায় ছিলেন অ্যাক্টিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ-এভিসিবি ৩য় পর্যায় প্রকল্পের সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান। পিআইডি