নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপির দুই থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার ‘বুলেট মামুন’ হিসেবে পরিচিত মামুন আহমেদ ও তার দুই সহযোগী গ্রেফতার হয়েছে।
এসএমপির মিডিয়া সেল জানায়, শুক্রবার (১০ অক্টোবর/ ২৫ আশ্বিন) বিকেল আনুমানিক সাড়ে ৪টায় শাহপরান (র) থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে শাহপরান (র) থানা ও কোতোয়ালি মডেল থানা পুলিশ মহানগরীর বালুচর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো মামুন আহমেদ প্রকাশ ‘বুলেট মামুন’ (২০, পিতা হারুনুর রশিদ, স্থায়ী ঠিকানা কামদাগাঁও, দোয়ারাবাজার, সুনামগঞ্জ; বর্তমান ঠিকানা বালুরচর সোনার বাংলা, সিলেট), সৈয়দ আবির হোসেন (১৮, পিতা আজমল আলী, বালুচর, সোনার বাংলা, সিলেট) ও রায়হান আহমেদ (১৮, পিতা খালেদ আহমদ, বালুরচর সোনার বাংলা, সিলেট)।
মামুন আহমেদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা ও বিস্ফোরক উপদানাবলী আইনে মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।