সিলেটে ওয়ার্ল্ড ভিশনের গ্র্যাজুয়েট হওয়ার স্বীকৃতি পেলো ২৪২ পরিবার

প্রকাশিত August 10, 2023
সিলেটে ওয়ার্ল্ড ভিশনের গ্র্যাজুয়েট হওয়ার স্বীকৃতি পেলো ২৪২ পরিবার

সিলেট এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ২৪২ অতি-দরিদ্র পরিবার ২৪ মাসের আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন মডেল কার্যক্রমে (২০২১-২০২২) অংশগ্রহণের ফলে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির সাফল্যে গ্র্যাজুয়েট হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার, ১০ আগস্ট সিলেট সদর উপজেলার হাটখোলায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো আব্দুর রফিক। বিশেষ অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা নাহিদ আরজুমান বানু, উপসহকারী কৃষি কর্মকর্তা মো ফজলে ম ভূইঁয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহেদুল ইসলাম ও হাটখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অতি-দরিদ্র পরিবারে গ্র্যাজুয়েশন কার্যক্রমটি বাংলাদেশ সরকারের ২০২৬ সালে উন্নয়নশীল দেশ ও ২০৪১ সালে উন্নত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে একধাপ এগিয়ে নিয়ে যাবে। এ ছাড়াও গ্র্যাজুয়েটেট পরিবারগুলোর অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে পারিবারিক পুষ্টির চহিদা পূরণে সহায়কের ভূমিকা পালন করবে। এতে করে শিশু মঙ্গল ত্বরান্বিত হবে।
মূলতঃ আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামটি হচ্ছে একটি সমন্বিত, সময় নিয়ন্ত্রিত (২ বছর) এবং ধারাবাহিক কার্যক্রমসমূহ, যার উদ্দেশ্য হচ্ছে, জনগণকে অতি-দরিদ্রতা থেকে টেকসই জীবিকায়নের দিকে নিয়ে যাওয়া। আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশনের ফলে অতি-দরিদ্র পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি হয়, যা লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্রামের চারটি পিলারের ১০টি সূচক দ্বারা পরিমাপ করা হয়।
সিলেট এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ২০২১ অর্থবছরে মোট ৩১০ উপকারভোগীকে (পুরুষ ৬% ও মহিলা ৯৪%) চাহিদা ভিত্তিকভাবে বিভিন্ন এন্টারপ্রাইজে ২৮৫টি বক্না বাছুর, ৫টি সেলাই মেশিন, ৭টি নৌকা, ১১টি ক্ষুদ্র ব্যবসা, ১টি রিকশা ও ১টি ভ্যান হস্তান্তর করে এবং বিগত দুই বছর জীবন ও জীবিকায়নের ৪টি পিলার যথা সামাজিক সুরক্ষা, লাইভলিহুড প্রমোশন, অর্থনৈতিক প্রবেশাধিকার ও সামাজিক ক্ষমতায়নের উপর গুরুত্ব সহকারে মনিটরিং কার্যক্রম সম্পন্ন করে ও আল্ট্রাপুওর গ্রাজুয়েশন মূল্যায়ন রিপোর্ট-২০২৩ এর ভিত্তিতে ৩১০ অতি-দরিদ্র পরিবারের মধ্যে ২৪২ পরিবারকে ১০টি সূচক দ্বারা পরিমাপ করে গ্র্যাজুয়েট ঘোষণা করে। বাকি ৬৮ জনকে গ্র্যাজুয়েট হবার জন্য এখনও সহায়তা করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি