বিশেষ প্রতিবেদক : বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সমাগত। ইতোমধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। এবার সিলেটে ৬১৮টি মণ্ডপে দেবী দুর্গতিনাশিনীর পূজা অনুষ্ঠিত হবে।
আগামী পঞ্চমী তিথিতে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তাই সারা দেশের মতো সিলেটেও চলছে প্রতিমা গড়ার কাজ। এতে খুবই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। অন্যদিকে ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবীকে বরণ করতে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
বাংলাদেশে ২৭ সেপ্টেম্বর (শনিবার) মহাপঞ্চমীর মধ্য দিয়ে শারদ উৎসবের শুভ সূচনা হবে। এ উপলক্ষে বিপণিবিতানগুলোতে সকাল থেকে অনেক রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগে আছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার হিসাব মতে, এ বছর মহানগর এলাকায় সর্বজনীন ১৪২টি ও পারিবারিক ২০টি মিলিয়ে ১৬২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় সার্বজনীন ৪২৭টি ও পারিবারিক ২৯টি মিলিয়ে পুরো জেলায় ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে।