বিশেষ প্রতিবেদক : সিলেটে এবারের শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসবে কুমারী পূজার আয়োজন হচ্ছে।
এই কুমারী পূজা ৫১ পীঠের অন্যতম মহাপীঠ সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার জৈনপুরে শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠে আগামী ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
এখানে এবারের শারদীয় দুর্গোৎসবে অন্যান্য অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ২৮ সেপ্টেম্বর (রবিবার) মহাষষ্ঠী, আমন্ত্রণ ও অধিবাস, ২৯ সেপ্টেম্বর (সোমবার) মহাসপ্তমীতে সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) মহাঅষ্টমীতে সকাল সাড়ে ১০টায় কুমারী পূজাসহ পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান (রাত ৯টায় পরিবেশন করবে সনাতনী সাংস্কৃতিক সংগঠন ঐতরেয়), ১ অক্টোবর (বুধবার) মহানবমীতে সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও রাত ৯টায় সনাতন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক ‘দশভূজা’ পরিবেশিত এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া শুভ দশমী। এবার দেবীর আগমন ঘটবে গজে এবং দোলায় গমন হবে।
পরে আগামী ৬ অক্টোবর (সোমবার) শ্রীশ্রী কোজাগরী লক্ষীপূজা ও ২০ অক্টোবর (সোমবার) শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
পূজানুষ্ঠান সুন্দর ও স্বার্থক করে তুলতে সর্বস্তরের ভক্ত ও জনগণের সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু।–সংবাদ বিজ্ঞপ্তি