প্রতিবছরের ন্যায় এবারও সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগা ময়দানে জেলার প্রধান ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদ জামাতে বরুণার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুখ বর্ণভী অংশগ্রহণ করবেন।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ/৫ চৈত্র) শাহী ঈদগা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, চাঁদ দেখা সাপেক্ষে সরকার যেদিন ঈদ ঘোষণা করবে, সেদিনই এখানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
আরিফুল হক চৌধুরী জানান, ঈদের জামাতকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও শাহী ঈদগা পরিচালনা কমিটির সমন্বয়ে সার্বিক প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তিনি আরো জানান, মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। গত বছরের তুলনায় এবার আগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদগা মাঠের সংস্কার, রঙ করা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত তাকওয়া যেন মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হয়।
হিংসা, বিদ্বেষ ও প্রতিহিংসা পরিহার করে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ইসলামের শান্তির শিক্ষা ধারণ করতে তিনি আহ্বান জানান।
মন্ত্রী আরো বলেন, “দেশ সবার। দলমত নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতিময় পরিবেশ গড়ে তুলেই আগামীর পথে এগিয়ে যেতে হবে-এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো সারওয়ার আলম, শাহী ঈদগা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা। পিআইডি সিলেট