সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত

প্রকাশিত December 3, 2025
সিলেটে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত

`প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্য নিয়ে সিলেটে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩ ডিসেম্বর/১৮ অগ্রহায়ণ) মহানগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ, চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী নয় বরং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি হিসেবে বিবেচনা করা উচিত। বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার প্রাপ্তির কথা বলা হয়েছে। কাজেই বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সৃষ্টিকর্তা প্রদত্ত। তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সঠিকভাবে লালন-পালন করলে সম্পদে পরিণত হবে-তারা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
অভিভাবক ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবন্ধীরা যে বোঝা নয়-তারা রাষ্ট্রের সম্পদ এটি প্রমাণের দায়িত্ব নিতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য প্রদান করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামসু ও সাংবাদিক আফতাব চৌধুরী৷ স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো আব্দুর রফিক।
আলোচনা সভা শেষে ৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।–পিআইডি সিলেট