বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে আগামী ১২ জুলাই (শনিবার) সিলেটে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হবে।
এ জন্য মহানগরীর চৌহাট্টায় সিলেট সরকারি মহিলা কলেজে বিভাগীয় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ জুলাই/২৩ আষাঢ়) সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন, সিলেট বিভাগের আহবায়ক অধ্যাপক বিজিত কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করবার জন্য বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন গত ৩৭ বছর ধরে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে আয়োজন করছে অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচি ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’। এবারে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর হতে যাচ্ছে।
তিনি আরও জানান, বিভাগীয় ও জেলা শহরগুলোতে আয়োজিত হবে প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড। প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ৩০০ ছাত্র-ছাত্রীকে নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প অনুষ্ঠিত হবে।
জাতীয় পর্যায় থেকে নির্বাচিত ৩০ জন প্রতিযোগীকে নিয়ে এই পর্বটি অনুষ্ঠিত হবে। ক্লোজড ক্যাম্পের শেষদিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা থেকে প্রথম ৫ প্রতিযোগীকে বাছাই করা হবে। এই ৫ প্রতিযোগী এ বছর ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়াতে অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
এছাড়াও ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন, সিলেটের সংগঠক কালাম জুবায়ের নিশাদ, ফুজায়েল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, জুনিয়র গ্রুপ (১৪ থেকে ১৫ বছর বয়েসী স্কুল-কলেজ পর্যয়ের ছাত্র-ছাত্রী, যাদের জন্ম ২০১০-২০১১ সাল) এবং সিনিয়র গ্রুপ (১৬ থেকে ১৮ বছর বয়েসী স্কুল-কলেজ পর্যয়ের ছাত্র-ছাত্রী, যাদের জন্ম ২০০৭-২০০৯ সাল)-এ দুই গ্রুপে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১১ জুলাইয়ের মধ্যে https://www.astronomybangla.com/olympiad2025/ লিংকে আবেদন করতে পারবে। প্রতিযোগিতার নিবন্ধন ফি একশ টাকা। নিবন্ধন ফি পাঠানোর বিকাশ নম্বর ০১৯১৫-৬৫৩৬০৭।–সংবাদ বিজ্ঞপ্তি