সিলেটে অঞ্চলে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন ও পুরস্কার বিতরণ

প্রকাশিত October 21, 2022
সিলেটে অঞ্চলে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন ও পুরস্কার বিতরণ

সিলেটে অঞ্চল পর্যায়ে ইঁদুর নিধন অভিযান-২০২২ উদ্বোধন, সেমিনার ও ইঁদুর নিধন অভিযান-২০২১ এর পুরস্কার বিতরণ করা হয়েছে।
‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’ এ প্রতিপাদ্য বিষয়ে কৃষি সস্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের উদ্যোগে ১৯ অক্টোবর দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি সস্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়েজিত অনুষ্ঠানে প্রথমেই কৃষি তথ্য সার্ভিস, সিলেটের ‘সর্বনাশ ইঁদুর ও ইঁদুর দমনের কৌশল’ শিরোনামের নাটিকার ভিডিও প্রদর্শন করা হয়।
কৃষি সস্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের উপপরিচালক কাজী মোহাম্মদ মজিবর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সস্প্রসারণ অধিদপ্তর, সিলেটের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো মোশাররফ হোসেন খান। তিনি অঞ্চল পর্যায়ে ও জেলা-উপজেলা পর্যায়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২২ উদ্বোধন করেন।
প্রধান বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের প্রায় ১০ শতাংশ ধান ও গম ইঁদুর খেয়ে ফেলে ও নষ্ট করে। তিন মাসের জন্য ধান গুদামে রাখা হলে ৫ থেকে ১০ ভাগ ইঁদুরের দ্বারা ক্ষতি হতে পারে। এ পর্যন্ত দেশে ১৮ প্রজাতির ইঁদুর শনাক্ত করা হয়েছে । ইঁদুর ধান ফসলে তিন মৌসুমেই আক্রমণ করতে পারে। তবে আমন মৌসুমে নিরাপদ আশ্রয়স্থল, পর্যাপ্ত খাদ্য ও পানি সহজলভ্য হওয়ায় এবং মৌসুমের শেষভাগে বৃষ্টিপাত কম ও আবহাওয়া অনুকূলে থাকায় এ সময়ে ইঁদুরের প্রজনন খুব বেশি হয়। প্রতি ধান মৌসুমে একটি স্ত্রী ইঁদুর অনুকূল পরিবেশে প্রায় ২৪টি বাচ্চা দিতে পারে। ইঁদুরের প্রজনন শুরুর পূর্বেই ইঁদুর নিধন করা দরকার। তাই আমন মৌসুমে ইঁদুর দমনের উপযুক্ত সময় ভাদ্র থেকে মধ্য কার্তিক মাস। এ সময় সবাই মিলে একযোগে বেশি জায়গার ইঁদুর নিধনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংখ্যা কমিয়ে আনা সম্ভব। ইঁদুর দ্বারা ফসলের যে ক্ষতি হয় তা কমানো গেলে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে আয়ও বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, কৃষি সস্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক বিমল চন্দ্র সোম ও আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ তমিজ উদ্দিন খান।
অনুষ্ঠানে ইঁদুর নিধন অভিযান ২০২১ সালে পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নদগ অর্থ তুলে দেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো মোশাররফ হোসেন খান।
এ বছর অঞ্চল পর্যায়ে সর্বোচ্চ ইঁদুর নিধনকারী তিন উপসহকারী কৃষি কর্মকর্তা হলেন, প্রথম পুরস্কারপ্রাপ্ত সোহরাব হোসেন (মাধবপুর, হবিগঞ্জ), দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত মশিউর রহমান (ছাতক, সুনামগঞ্জ) ও তৃতীয় জেবুন্নেছা আহমেদ জুবিলী (সিলেট সদর, সিলেট।
এছাড়া কৃষক আজিজুর রহমান (সিলেট সদর, সিলেট), নারায়ন চন্দ্র দাস (মাধবপুর, হবিগঞ্জ), আলী আহমেদ, (ছাতক, সুনামগঞ্জ) ও রুমানা আক্তর (রাজনগর, মৌলভীবাজার) পুরস্কৃত হন।
এছাড়া মৌলভীবাজারের রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় পুরস্কার লাভ করেছে।-সংবাদ বিজ্ঞপ্তি