নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের মো ফাহিম হত্যা মামলার এক আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, সিলেট মহানগরীর ছড়ারপাড় এলাকার মো হারুন রশিদের ছেলে মো ফাহিম পূর্ব শত্রুতার জেরে গত ১০ নভেম্বর প্রতিপক্ষের হামালায় খুন হন। এ ঘটনায় তার পিতা বাদি হয়ে সিলেট মহানগর পুলিশ-এসএমপির শাহপরাণ (র) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল সোমবার (৫ জানুয়ারি/২১ পৌষ) আনুমানিক রাত দেড়টায় কুমিল্লার তিতাস উপজেলার কালাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি আলী হোসেন মাইল্লাকে (৩৩, পিতা মৃত আব্দুল কাদির, উত্তর বালুচর জোনাকী আ/এ, সিলেট গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ইতঃপূর্বে র্যাব-৯ মামলার এজাহারনামীয় ১ নম্বর ও ৩ নম্বর আসামিকে গ্রেফতার করে।