নিজস্ব প্রতিবেদক : সড়ক যোগাযোগ, আকাশ, রেলপথ, বিদ্যুৎ বিপর্যয় ও পানি সংকটসহ বিভিন্ন দাবিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর ডাকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর/২৭ আশ্বিন) মহানগরীর কোর্ট পয়েন্টে সকাল ১১টা থেকে এক ঘণ্টার এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগরীর সর্বস্তরের দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীসহ সকল শ্রেণিপেশার মানুষ সমাবেশে যোগ দেন। এই এক ঘণ্টা সবধরনের যানবাহন চলাচলও অনেক কম ছিলো।
সমাবেশে দেওয়া বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটবাসী মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে ন্যায্য প্রাপ্যতা এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। সিলেটবাসী চরম বৈষম্যের শিকার হচ্ছেন।
তিনি বলেন, সমগ্র সিলেটের সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। সিলেট-ঢাকা মহাসড়ক উন্নয়নের কাজ থমকে আছে। যাতায়াতে সময় লাগছে দ্বিগুণের বেশি। এ কারণে পর্যটকের সংখ্যাও কমছে।
আরিফুল হক চৌধুরী সিলেটবাসী সীমাহীন বঞ্চনা ও দুর্ভোগ তুলে ধরে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।