সারা দেশে আনসার-ভিডিপির ২য় ধাপের মৌলিক প্রশিক্ষণ শুরু

প্রকাশিত September 15, 2025
সারা দেশে আনসার-ভিডিপির ২য় ধাপের মৌলিক প্রশিক্ষণ শুরু

সারা দেশে উপজেলা ও থানা পর্যায়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ-২য় ধাপের কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) থেকে একযোগে ৬৪টি জেলা ও ঢাকা মহানগরীর ৪টি জোনে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এ ধাপে মোট ৭ হাজার ৯৩০ জন প্রশিক্ষণার্থী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো উপজেলা ও থানা পর্যায়ের আনসার বাহিনীকে আরও সুসংগঠিত এবং দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। বিশেষ করে জাতীয় দুর্যোগ মোকাবেলা ও যেকোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর জন্য আনসার সদস্যদের প্রস্তুত করা হচ্ছে।
প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে শেখানো হচ্ছে, যাতে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।
এছাড়াও, তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত করে সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলা এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ ছাড়াও অতিথি বক্তাদের মূল্যবান দিক নির্দেশনা মূলক সেশনে অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণের দৈনন্দিন কার্যক্রমে পিটি, প্যারেড, ড্রিল, ক্লাস, অস্ত্রের রক্ষণাবেক্ষণ ও ফায়ারিংসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত আছে।
উল্লেখ্য, দেশব্যাপী ৮টি ধাপে মোট ৫২ হাজার ১৮৩ জন প্রশিক্ষণার্থীকে পর্যায়ক্রমে এই মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।–সংবাদ বিজ্ঞপ্তি