সাম্য মৈত্রী ও ভাতৃত্বের সুমহান বার্তা নিয়ে এলো অনাবিল খুশির দিনটি

প্রকাশিত March 20, 2026
সাম্য মৈত্রী ও ভাতৃত্বের সুমহান বার্তা নিয়ে এলো অনাবিল খুশির দিনটি

নিজস্ব প্রতিবেদক : আজ পবিত্র ঈদুল ফিতর-মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। একমাস কঠোর সিয়াম সাধনার পর সাম্য, মৈত্রী ও ভাতৃত্বের সুমহান বার্তা নিয়ে বছর ঘুরে অনাবিল খুশির এ দিনটি আসে। মুসলিম বিশ্বের প্রতিটি ঘরে ডাকে আনন্দ বান। প্রতিটি প্রাণ নতুন করে উজ্জীবিত হয়। ইসলামের আলোকিত পথ ধরে এগিয়ে যাওয়ার প্রত্যয়কে আরো শাণিত করে।
ঈদুল ফিতরের দিনে সকালে মুসলমানরা জামাতে দু’রাকাত নামাজ আদায় করেন। এর আয়োজন হয় প্রধানত ঈদগা ময়দানে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে মুসল্লিরা সাধারণত মসজিদে নামাজ আদায় করেন।
সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যের ধারাবাহিকতায় ঐতিহাসিক শাহী ঈদগায়। এছাড়াও হজরত শাহজালাল (র) ও হজরত শাহপরান (র) দরগা মসজিদসহ বিভিন্ন ঈদগা ময়দান ও মসজিদে জামাতের আয়োজন করা হয়েছে।
ঈদের নামাজ শেষে জামাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনা করে মোনাজাত করা হবে।
ঈদের জামাত
সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়। একই সময়ে জামাত হবে হজরত শাহজালাল (র) দরগা এবং হজরত শাহপরান (র) দরগায়ও ঈদের জামাত হবে একই সময়ে। কুদরত উল্লাহ জামে মসজিদে পরপর ৩টি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, সকাল ৮টায় ও সকাল ৯টায়। সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে আঞ্জুমানে খেদমতে কুরআন আয়োজিত ঈদের জামাত সকাল ৮টায়। সকাল সাড়ে ৮টায় পাঠানটুলা নবাবী জামে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। কালেক্টরেট মসজিদে ঈদের জামাত সকাল ৭টায়। জামেয়া মদিনাতুল উলুম খাসদবির মাদরাসায় প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং টিলাগড় শাহ মদনী ঈদগায় সকাল সাড়ে ৮টায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। সিলাম শাহী ঈদগায় অনুষ্ঠিত হবে দুটি জামাত। প্রথমটি সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়। এছাড়া কাজির বাজার মখন জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
ঈদুল ফিতরের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে সিলেটসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।