সাতছড়িতে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

প্রকাশিত November 21, 2025
সাতছড়িতে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

হবিগঞ্জ প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পাথর ও বালু বোঝাই ট্রাক ও কাভার্ডভ্যানে পাচারকালে ভারতীয় কসমেটিক্স, চকলেট ও জিরাসহ নানা জাতের পণ্য জব্দ করেছে।
শুক্রবার (২১ নভেম্বর/৬ অগ্রহায়ণ) দুপুরে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো তানজিরুল রহমান এ তথ্য জানান।
অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কে অভিযান চালায় ৫৫ বিজিবি। এ সময় পাথর ও বালু বোঝাই ৫টি ট্রাক ও কাভার্ডভ্যান আটক করে হবিগঞ্জ ব্যাটালিয়ন ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরে এই ট্রাক ও কাভার্ডভ্যানগুলোতে তল্লাশি চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ ক্রিম-লোশনসহ নানা ধরনের কসমেটিক্স, ব্লেড, চকলেট ও জিরা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকার বেশি বলে লেফটেন্যান্ট কর্নেল মো তানজিরুল রহমান জানান।
তিনি জানান, চোরাকারবারীরা ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কটি চোরাচালানের কাজে ব্যবহার করছিল। গোয়েন্দা তৎপরতা ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চোরাচালান রোধ করছে বিজিবি। চলতি মাসে বিভিন্ন অভিযানে প্রায় ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ ও ৩৭ জনকে আটক করা হয়েছে।