সাংবাদিকের সাথে সিসিক সিইওর অসৌজন্যমূলক আচরণে প্রেসক্লাবের নিন্দা

প্রকাশিত December 18, 2025
সাংবাদিকের সাথে সিসিক সিইওর অসৌজন্যমূলক আচরণে প্রেসক্লাবের নিন্দা

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার আব্দুল আহাদের সাথে সিলেট সিটি করপোরেশন-সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিনের অসৌজন্যমূলক আচরণে সিলেট জেলা প্রেসক্লাব তীব্র নিন্দা জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে।
সংগঠনের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক বিবৃতিতে বলেছেন, তথ্য দেওয়ার কথা বলে সাংবাদিককে অমন্ত্রণ জানিয়ে নিয়ে অসৌজন্যমূলক আচরণ করে প্রজাতন্ত্রের একজন কর্মচারী যে ধৃষ্টতা দেখিয়েছেন তা স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়। অচিরেই এ ঘটনায় দুঃখপ্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, একটি সংবাদের ফলোআপের জন্য বক্তব্যের প্রয়োজনে সিসিকের নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিনকে মোবাইল ফোনে কল দেন সাংবাদিক আব্দুল আহাদ; কিন্তু বক্তব্য না দিয়ে তিনি ‘ফোন সাংবাদিকতা’ বাদ দিয়ে সরাসরি অফিসে গিয়ে বক্তব্য নিতে পরামর্শ দেন।
এর পরিপ্রেক্ষিতে গত ১৪ ডিসেম্বর আব্দুল আহাদ বক্তব্য নিতে সিসিকের নির্বাহী কর্মকর্তাকে আগে জানিয়ে তার দফতরে গেলে সিইও তাকে এক ঘণ্টা বসিয়ে রাখার পর সাক্ষাতের সুযোগ দেন। সে সময় তার দপ্তরের দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে সিইও এই আচরণ করেন।
এমনকি সাংবাদিক আব্দুল আহাদ প্রস্থানকালে তাকে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য করেন এই কর্মকর্তা। আব্দুল আহাদ এর প্রতিবাদ জানিয়ে বেরিয়ে আসেন ।
তবে এখানেই ক্ষান্ত থাকেননি সিসিক কর্মকর্তা, তিনি পত্রিকার সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। পাশাপাশি হয়রানি করতে তথ্য মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়ার জন্য তার বৃত্তান্ত চান।