সম্মিলিত চেষ্টায় সড়কে মৃত্যুহার কমানো সম্ভব : বিভাগীয় কমিশনার

প্রকাশিত October 22, 2025
সম্মিলিত চেষ্টায় সড়কে মৃত্যুহার কমানো সম্ভব : বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী বলেছেন, প্রতিটি মানুষের জীবন অমূল্য। সড়কে কোন প্রাণ ঝরে যাক-এটা কারোর কাম্য নয়। সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে সড়কে মৃত্যুহার কমানো সম্ভব। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ-বিআরটিএসহ পরিবহন সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বুধবার (২২ অক্টোবর/৬ কার্তিক) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সড়কে নিরাপত্তা নিশ্চিতে বিআরটিএর ভূমিকা সম্পর্কে বিভাগীয় কমিশনার বলেন, সঠিকভাবে যাচাই করে গাড়ির ফিটনেস দিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে চলতে না পারে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে শুধু যোগ্যদেরই বিবেচনা করতে হবে।
পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সড়ক আইনসহ পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ন্যূনতম শিক্ষা গ্রহণ করে দক্ষতা উন্নয়ন করতে এবং সড়কে সবসময় রোড সাইন মেনে চলতে হবে।
তিনি সড়ক দুর্ঘটনা এড়াতে প্রতিবার গাড়ি চালানো শুরুর পূর্বে গাড়ির যন্ত্রাংশ পরীক্ষা করা এবং চালকদের পর্যাপ্ত বিশ্রামের উপর গুরুত্ব আরোপ করেন।
বিভাগীয় কমিশনার বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনের পথিকৃৎ অভিনেতা ইলিয়াস কাঞ্চনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার সুস্থতা কামনা করেন।
এ আন্দোলন সফল করে নিরাপদ বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে তিনি বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ হতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে ৭৩ লাখ টাকার চেক প্রদান করেন।
সিলেটের জেলা প্রশাসক মো সারওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার। আরও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ এবং পরিবহন খাত সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি।
এর আগে বিভাগীয় কমিশনার পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসন চত্বর থেকে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।–পিআইডি সিলেট