সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে : লুনা

প্রকাশিত January 8, 2026
সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে : লুনা

সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। অন্যায় প্রতিযোগিতা, দুর্নীতি ও স্বার্থপরতা সমাজে গভীরভাবে শিকড় গেড়ে বসেছে। যে দেশে দুর্নীতি বেশি সেই দেশ কখনোই প্রকৃত উন্নতির পথে এগোতে পারেনা।”
বৃহস্পতিবার (৮ জানুয়ারি/২৪ পৌষ) দুপুরে বিশ্বনাথ উপজেলার ভোগশাইল শাহপিন উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল উদ্দিন বিএসসির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
লুনা আরও বলেন, “পাঠ্যবইয়ের শিক্ষা আমাদেরকে জ্ঞান দেয়, কিন্তু সেই জ্ঞানকে অর্থবহ করতে প্রয়োজন মূল্যবোধ ও নীতিবোধের শিক্ষা। আজকের শিক্ষার্থীদেরকে শুধু পরীক্ষায় ভালো ফল নয়-বরং দেশপ্রেম, মানবিকতা ও সততার আলোকে নিজেদের গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষানুরাগী মো লেচু মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক সিদ্দিকুর রহমান, আনসার আলী ও ফিরোজা খাতুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, রাগিব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ‘বুনন’ সম্পাদক কবি খালেদ উদ-দীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, হাবিবুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির মিয়া মঈনুল ও জসিম উদ্দিন খান।
এছাড়া বিকেলে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলেনপুর ইউনিয়নের ভল্লবপুর এলাকায় বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে শোকসভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহসিনা রুশদীর লুনা।
বিএনপি নেতা আবদুল মুহিত বাহারের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি ময়লুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবাহ, ইউপি মেম্বার বাজিদ উল্লাহ, হাজেরা বেগম, উপজেলা বিএনপি নেতা কয়েছ আহমদ, দুলু মিয়া, জিলাদ আহমদ, জুনেদ আহমদ, জুয়েল খান প্রমুখ।
পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি