সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করেন সমাজসেবা অধিদপ্তর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর ১৯৯৯ সালে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ও ২০১৪ সালে প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট গঠন করেন। তিনি পিছিয়েপড়া জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য সুরক্ষা সেবা ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসেন।
বৃহস্পতিবার সকালে মহানগরীর বাগবাড়িতে সমাজসেবা কমপ্লেক্সে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের নিবাসীদের অংশগ্রহণে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, বিশিষ্ট কলামিস্ট-সাংবাদিক আফতাব চৌধুরী, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর সুরক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় মানবকল্যাণ পদকপ্রাপ্ত সমাজসেবী আব্দুল জব্বার জলিল।
আঞ্চলিক সমাজসেবা প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক সানজিদা আক্তার ও সমাজসেবা অফিসার লুৎফুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উপপরিচালকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সালমা বাছিত, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো আব্দুর রফিক, মৌলভীবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো রাশেদুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়, প্রবেষণ অফিসার তমির হোসেন চৌধুরী, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এস এম সোলায়মান মজুমদার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি