সবাই মিলে সিলেটকে এগিয়ে নিবো : ইফতার মাহফিলে বাণিজ্য মন্ত্রী

প্রকাশিত February 21, 2026
সবাই মিলে সিলেটকে এগিয়ে নিবো : ইফতার মাহফিলে বাণিজ্য মন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “আমরা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি লালন করবো, ধারণ করবো এবং দিন দিন এটিকে বৃদ্ধি করবো। আমরা সিলেটের জন্য যে কাজগুলো করবো সেগুলো কারো ব্যক্তিগত কাজ নয়।”
তিনি আরো বলেছেন, সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার হলে ব্যক্তি নয়-পুরো সিলেট উপকৃত হবে। সিলেটে পানির সমস্যা সমাধান হলে কোন ব্যক্তি নয় বরং পুরো সিলেট সুফল ভোগ করবে। তাই, সবাই মিলে সিলেটকে এগিয়ে নিতেই কাজ করবো।
শনিবার (২১ ফেব্রুয়ারি/৮ ফাল্হুন) সিলেট মহানগরীর ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আমরা নির্বাচনের প্রচারণার সময় যে প্রতিশ্রুতি দিয়েছি, যে পরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করেছি তা আগামী পাঁচ বছরে অক্ষরে অক্ষরে পালন করবো।”
সিলেটের জীবনমান উন্নয়নে সকল কাজ আগামী দিনে দৃশ্যমান হবে বলেও তিনি উল্লেখ করেন।
বাণিজ্য মন্ত্রণালয়কে অত্যন্ত চ্যালেঞ্জিং মন্ত্রণালয় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা আমাদের মন্ত্রণালয়ের অন্যতম কাজ। আমরা দায়িত্ব নিয়েছি রোজার একদিন আগে। তবে যে পরিমাণ খাদ্য মজুদ ও ভোগ্য পণ্যের সরবরাহ আছে তাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মূলত আমদানি নির্ভর ভোগ্যপণ্য যেগুলো রোজায় বেশি ব্যবহার হয় সেগুলো স্থিতিশীল পর্যায়ে আছে।”
এসময় তিনি বাজার স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিং ও ভোক্তা অধিকারের মনিটরিং জোরদার করার কথা উল্লেখ করেন।
দোয়া ও ইফতার মাহফিলে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা হাবীবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী/পিআইডি সিলেট