সঞ্জীবন প্রকল্পে সহযোগিতার আশ্বাস বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত August 29, 2025
সঞ্জীবন প্রকল্পে সহযোগিতার আশ্বাস বাংলাদেশ ব্যাংকের

এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা, ঢাকা : বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে ‘সঞ্জীবন প্রকল্প’ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-ভিডিপি মহাপরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এই প্রকল্পের বিভিন্ন সম্ভাবনার দিক তুলে ধরেন।
প্রায় ৬০ লাখ সদস্যের জীবিকা উন্নয়নে এই প্রকল্পের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনাকালে আনসার-ভিডিপি প্রধান বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট-বিএডব্লিউটি পরিচালিত সঞ্জীবন প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে গভর্নরকে অবহিত করেন।
তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম আরও শক্তিশালী হবে। ফলে তৃণমূল পর্যায়ের আনসার ও ভিডিপি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য শুনে গভর্নর ড আহসান এইচ মনসুর সন্তোষ প্রকাশ করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন।
তিনি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় ক্ষুদ্র ঋণ তহবিল দিয়ে সহায়তারও আশ্বাস দেন।
এছাড়াও গভর্নর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সক্ষমতা বাড়াতে ডিজিটাল কোর ব্যাংকিং সিস্টেম চালুর লক্ষ্যে নতুন জনবল নিয়োগে দ্রুত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
সঞ্জীবন প্রকল্পের মূল লক্ষ্য হলো, আনসার ও ভিডিপি সদস্যদের মধ্য থেকে দক্ষ ও উদ্যোক্তা হতে আগ্রহী সদস্যদের বাছাই করে তাদের জন্য ক্ষুদ্র উদ্যোগ ও টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা। এ বিষয়ে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
প্রাথমিকভাবে দেশের ৪টি উপজেলায় সঞ্জীবন প্রকল্পের পাইলটিং কার্যক্রম এবং আর্থিক কাঠামো ও গভর্ন্যান্স প্রতিষ্ঠার অডিটিং আগামী মাস থেকে শুরু হবে।
বৈঠকে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন ও সংগঠনের উপমহাপরিচালক মো রফিকুল ইসলামসহ বাংলাদেশ ব্যাংক ও অনসার-ভিডিপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।