বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী মুকিব আব্দুল্লাহ বলেছেন, গত ১৭ বছর যেমন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তেমনি এখনো সেই ষড়যন্ত্র চলছে। তাই সকল ষড়যন্ত্র মোকাবেল করে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর ঈদগা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহাম্মদ আলী মুকিব আরো বলেন, ১৭টি বছর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মামলা, হামলা, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। কেউ ঘরে শান্তিতে ঘুমাতে পারেননি। শেষপর্যন্ত বিএনপির নেতাকর্মী ও ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে।
ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও দলীয় নেতা শাহ আলম চৌধুরী মিন্টুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম, সিনিয়র যুগ্মআহবায়ক আমিনুল ইসলাম বাবুল, যুগ্মআহবায়ক মোস্তাক আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরীফ চৌধুরী, দক্ষিণ বানিয়াচং যুবদলের আহবায়ক নূরুল হুদা ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নাসের। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন, সেলিম আহমেদ চৌধুরী, তৈয়ব খান, আব্দুল গাফ্ফার মিয়া ও বাবুল মিয়া।