হবিগঞ্জ প্রতিনিধি : ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে আগামী ২৯ ডিসেম্বর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন নূরপুরে ৩ জন ও ব্রাহ্মণডোরায় ৬ জন। এছাড়া সংরক্ষিত ও সাধারণ মেম্বার পদে শতাধিক প্রার্থী রয়েছেন।
প্রার্থীরা এখন প্রচার-প্রচারণায় ব্যস্ত। তবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা সরকার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে তাদের প্রচার-প্রচারণায় বাধা প্রদান ও কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
অন্যদিকে সরকারি দলের প্রার্থীরা বলছেন, নির্বাচনে পরাজয়ের আশংকায় স্বতন্ত্র প্রার্থীরা তাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন।
এদিকে ইউনিয়নজুড়ে বিভিন্ন দেয়ালে প্রার্থীরা পোস্টার লাগিয়ে আচারণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, কোন প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।