নিজস্ব প্রতিবেদক : সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগা ময়দানে। এখানে লাখো মুসল্লির সাথে একাত্ম হয়ে নামাজ আদায় করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং শ্রম, কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। এছাড়াও নামাজ পড়ে এম এ মালিক এমপি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও জেলা প্রশাসক মো সারওয়ার আলম। পরে তারা সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পিআইডি জানায়, ঈদের জামাতে ইমামতি করেন বরুণার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুখ বর্ণভী।
শুভেচ্ছা বিনিময় শেষে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আকাশসম প্রত্যাশা নিয়ে জনগণ তাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের প্রধান লক্ষ্য এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার সক্ষম হয়েছে।
শ্রম, কর্মসংস্থান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।