শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা থানার উদ্যোগে বৃহস্পতিবার, ৩০ মার্চ উপজেলার আটগাঁও ইউনিয়নের উজানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সবাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ঘোষণা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, (আল আমিন চৌধুরী)।
থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলামের সভাপতিত্বে ও আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাউছারের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই-শাল্লা সার্কেল) জাহিদুল ইসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাশ, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুস ছাত্তার মিয়া, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও আটগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ আন নোমান। এছাড়াও বিজন ভূষণ রায় ও মতিলাল বিশ্বাসসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা দেশের প্রতিটি নাগরিকের কর্তব্য। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে দেশের সম্প্রীতি বিনষ্ট হয়। আর কেউ যদি দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে তাহলে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
বক্তারা বলেন, একটি সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে সম্প্রীতি নষ্ট করার সুযোগ খুঁজছে। সেই অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক গোষ্ঠীর কোনো স্থান নেই।
তারা বলেন, দেশের সকল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে হবে।