শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক নির্মাণ শ্রমিক

প্রকাশিত November 15, 2022
শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এক নির্মাণ শ্রমিক

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে ।
তার নাম রাজু মিয়া (১৮)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মনসুর আলী ছেলে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলা সদরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের ২য় তলায় কাজ করার সময় পাশে থাকা বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রাজু মিয়া। সঙ্গে সঙ্গে সহকর্মীরা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিশাত তামান্না তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ও হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ও জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম।
ওসি জানান, রাজু মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।