শাল্লায় বজ্রপাতের সময়ে ছায়ার হাওরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত July 25, 2023
শাল্লায় বজ্রপাতের সময়ে ছায়ার হাওরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মাছ ধরতে গিয়ে ছায়ার হাওরে নিখোঁজ জেলে আলীনূর মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম জানান, পার্শ্ববর্তী নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার সীমানায় ছায়ার হাওরে মরদেহটি ভেসে উঠলে এলাকার লোকজন তা দেখতে পেয়ে থানায় যোগাযোগ করলে পুলিশ মরদেটি উদ্ধার করে।
সোমবার, ২৪ জুলাই সকালে শাল্লার ছায়ার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের সময় নৌকা থেকে পড়ে উপজেলার মাহমুদনগর গ্রামের আব্দুল আহাদের ছেলে আলীনূর মিয়া নিখোঁজ হন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসীর সহযোগিতায় থানা পুলিশ ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সারাদিন ছায়ার হাওরের বিভিন্ন অংশে উদ্ধার অভিযান চালায়।
পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।