শাল্লায় লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব উদযাপিত

প্রকাশিত June 5, 2026
শাল্লায় লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব উদযাপিত

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজার শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব অত্যন্ত ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
গত ২ ও ৩ জুন এই উৎসবের আয়োজন করে স্থানীয় লোকনাথ সেবা সংঘ। প্রথম দিন বিকাল ৪টায় পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। গীতা পাঠ করেন তাহিরপুরের পুরান বারুংকার পাঠক পল্লব গোস্বামী। এরপর রাতে শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।
উৎসবের শেষ দিন সকাল ৬টায় লোকনাথ ব্রহ্মচারীর প্রতিকৃতি স্থাপনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। অন্যান্য কর্মসূচিতে ছিল বাল্যভোগ নিবেদন, সিদ্ধিভোগ নিবেদন, বাবার অর্চনা, সংকল্পনাদি, পুষ্পাঞ্জলি অর্পণ, পবিত্র গীতা পাঠ, অন্ন-ব্যঞ্জন ভোগারতি, মহাপ্রসাদ বিতরণ, আরতি, শীতল ভোগ নিবেদন ও ঐতিহ্যবাহী ধর্মীয় পালা কীর্তন ‘ডপ’পরিবেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রোকিবোজ্জামান এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু। এছাড়াও লোকনাথ সেবা সংঘের সভাপতি দীরাজ সরকার, সাধারণ সম্পাদক সমীরন সরকার ও কোষাধ্যক্ষ কৌশিক দাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।