শাল্লায় ব্র্যাকের উদ্যোগে করচ ও হিজল চারা রোপণ কার্যক্রম শুরু

প্রকাশিত October 31, 2022
শাল্লায় ব্র্যাকের উদ্যোগে করচ ও হিজল চারা রোপণ কার্যক্রম শুরু

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় ঢেউয়ের আঘাত থেকে হাটি ভাঙ্গন রোধে করচ ও হিজল গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার শাল্লা ইউনিয়নের মুজিবনগর হাটিতে ভাঙ্গন রোধে হাটির চতুর্দিকে চারা রোপণের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব।
এ ছাড়াও তিনি এই হাটিতে একই কর্মসূচির জীবিকায়নের জন্য অর্থ সহায়তাসহ কর্মসূচি পরিচালিত অন্যান্য কার্যক্রমও পরিদর্শন করেন।
চারা রোপণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো মিজানুর রহমান, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির নর্থ ইস্টার্ন ফ্লাড রেসপন্স ইন সুনামগঞ্জ ডিস্ট্রিক প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো মোজাম্মেল হক, ফিল্ড কো-অর্ডিনেটর মো আজিজুর রহমান ও ফিল্ড ফ্যাসিলিটেটর মো আশিক মেহেদী।
দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির ডেপুটি ম্যানেজার রেসপন্স মো জাকির হোসেন জানান, এ কর্মসূচির আওতায় শাল্লা ইউনিয়নের আরও চারটি হাটিতে করচ ও হিজলের চারা রোপণ করা হবে। হাটিগুলো হলো কার্তিকপুর (পূর্ব হাটি), আব্দা, ইসলামপুর ও ইসাকপুর।