শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বর্ষার পানিতে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো শাকিল মিয়া (১৫) ও জিল্লু মিয়া (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুই কিশোর বাড়ির পাশে বর্ষার পানিতে গোসল করতে নেমে সাঁতার কাটছিল। একপর্যায়ে তারা অসাবধানতাবশত পানিতে নিমজ্জিত পল্লী বিদ্যুতের খুঁটির সাপোর্ট (স্টেই) তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যায়।
আশেপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা ওমর ফারুক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার ব্যাপারে শাল্লা উপজেলার আনন্দপুর বিদ্যুৎ কেন্দ্রের (পল্লী বিদ্যুৎ) কর্মকর্তা সজল চন্দ্র দেব জানান, সংবাদ পেয়েই তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সরেজমিনে পরিদর্শন শেষে বিস্তারিত বলতে পারবেন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, খবর পেয়েই তিনি পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। পুরো ঘটনা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং বিদ্যুৎ লাইনে কোনো ধরনের ত্রুটি ছিল কি না, তা অনুসন্ধানে পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত শুরু করেছে।