হাবিবুর রহমান হাবিব : সুনামগঞ্জের হাওর এলাকায় আগাম বন্যা থেকে বোরো ধান রক্ষায় ডুবন্ত বাঁধ মেরামত ও পুননির্মাণ শুরু হয়েছে।
সংশোধিত কাবিটা নীতিমালা-২০২৩ অনুযায়ী সোমবার (১৫ ডিসেম্বর/৩০ অগ্রহায়ণ) থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-পাউবোর তত্ত্বাবধানে এই জনগুরুত্বপূর্ণ কর্মযজ্ঞ শুরু হয়।
সকালে ভান্ডাবিল হাওরে ২৭ নম্বর প্রকল্পের কাজ ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও পিয়াস চন্দ্র দাস।
এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময় অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই গুণগত মান বজায় রেখে কাজ শেষ করতে হবে। বাঁধ নির্মাণে কোনো রকম অনিয়ম বা গাফলতি সহ্য করা হবে না।
তিনি কৃষকের ফসল রক্ষায় কাজের নিয়মিত তদারকি আরও জোরদার করার কথা জানান।
শাল্লা উপজেলা পাউবো সূত্রে জানা যায়, শাল্লা উপজেলায় পাউবো অনুমোদিত ৬২টি প্রকল্পে ৪৩.১৭৭ কিলোমিটার বাঁধের জন্য ১৩ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পাউবো প্রকৌশলী জানিয়েছেন, হাওর থেকে পানি পুরোপুরি সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুরোদমে সব প্রকল্পের কাজ শুরু হবে।