শাল্লা প্রতিনিধি : ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণীসম্পদে হবে উন্নতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে ‘প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৫’ ও জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ শুরু হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর/১১ অগ্রহায়ণ) এই সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা মো মুকিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শুভজিৎ রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, জামায়াতে ইসলামী আমীর হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী ও সফল খামারি বরুণ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন এলইও ডা দূর্জয় সাহা। সঞ্চালনায় ছিলেন এলএসপি বিপ্লব চন্দ্র দাস।
প্রধান অতিথি ইউএনও তার বক্তব্যে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ও বেকারত্ব দূরীকরণে দেশীয় প্রাণীর জাত সংরক্ষণ ও খামার পর্যায়ে আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সেরা ৫ খামারিকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত খামারিদেরকে প্রাণীসম্পদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ সেবা দেওয়া হবে।