শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

প্রকাশিত September 24, 2025
শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্রদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
গত ১২ সেপ্টেম্বর এলাকার লোকজন উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও বাজারের ব্যবসায়ী রাজদর মিয়ার দোকানে থাকা প্রায় ৩৫টি বস্তা ভর্তি এই চালের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেন।
ভিডিওতে রাজদর মিয়া আটগাঁও ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার হাফিজুর মিয়ার কাছ থেকে এ চাল কিনেছেন বলে স্বীকার করেন।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে নিজগাঁও গ্রামের আফিল উদ্দিন ও তরিকুল ইসলাম শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেন।
১৬ সেপ্টেম্বর কয়েকজন সাংবাদিক সরেজমিনে নিজগাঁও বাজারে গেলে খবর পেয়ে রাজাদর মিয়া দোকানে তালা ঝুলিয়ে সটকে পড়েন।
এ সময় নিজগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাসেদ, পল্লী চিকিৎসক সুব্রত আচার্য, ইউপি ওয়ার্ড মেম্বার রবীন্দ্র সরকার, ব্যবসায়ী রাধাকান্ত তালুকদার, সব্জি ব্যবসায়ী আফরোজা বেগম, এলাকাবাসী মোশাহিদ, আকমল হোসেন, ছাদিকুল ও সবুজ মিয়া সহ কয়েকজন ব্যবসায়ী ও গ্রামবাসী সাংবাদিকদেরকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সত্যতা নিশ্চিত করেন।
এ সম্পর্কে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, খবর পেয়ে ঘটনারস্থলে খাদ্য কর্মকর্তাকে পাঠানো হয়েছে ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বুলবুল আহমেদ জানান তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ডিলারকে চাল বিক্রি করতে দেওয়া হবেনা। আপাতত কাছাকাছি অন্য ডিলারকে দিয়ে চাল বিক্রি করা হবে।
থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটনার ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে ডিলার হাফিজুর মিয়া এভাবে সরকারি চাল বিক্রিকে ভুল বলে স্বীকার করেন। এ নিয়ে নিউজ না করার জন্য তিনি সাংবাদিকদেরকে অনুরোধ জানান।