শাল্লায় কুকুরের তাণ্ডব || শিশু ও পরীক্ষার্থীসহ আহত ৯ || জনমনে আতঙ্ক

প্রকাশিত May 8, 2026
শাল্লায় কুকুরের তাণ্ডব || শিশু ও পরীক্ষার্থীসহ আহত ৯ || জনমনে আতঙ্ক

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে একটি কুকুরের কামড়ে শিশু ও এসএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (8 মে/২৫ বৈশাখ) সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মানুষের পাশাপাশি কুকুরটি বেশ কয়েকটি গরু, ছাগলে এবং ভেড়াকেও কামড়ে আহত করেছে।
আহতদের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন স্থানীয় দর্জি রান্টু সরকার (৪৫), চার বছরের শিশু মো হুসাইন মিয়া, এসএসসি পরীক্ষার্থী সাবিত্রী রাণী দাস ও ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের লিপি রাণী (৪২)।
এ বিষয়ে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা রাজিব বিশ্বাস জানান, উপজেলা হাসপাতালে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের কাছে কুকুরের কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন (এআরভি) পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, জননিরাপত্তা রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ইতোমধ্যে বাজার কমিটি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং পাগলা কুকুরটিকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।